আস্সালাম আলাইকুম।
সম্মানিত অভিভাবক / অভিভাবিকা, আপনাদের সকলের প্রতি
রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, বার আউলিয়ার পূন্য স্থান চট্টগ্রাম জেলার অন্তর্গত রাংগুনিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী বৃহত্তর রাজানগর ইউনিয়নের চট্টগ্রাম - রাংগামাটি মহাসড়কের পার্শ্বে ১৯৫০ সালে একটি ইসলামী দ্বীনি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার জন্য তৎকালীন সমাজ ও শিক্ষা চিন্তক ব্যক্তিবর্গ মাদরাসা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন। বৃহত্তর বাজানগর এলাকার বিশিষ্ট দানবীর, অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব
আলহাজ্ব মরহুম রহম আলী তালুকদার (রহঃ) তৎকালীন যুগে ছিলেন অনেক ভূ- সম্পত্তির মালিক। এলাকার সকল সুধী মণ্ডলী তাঁর কাছে মাদরাসা প্রতিষ্ঠার জন্য জমি দান করার অনুরোধ জানালে তিনি বিনা বাক্যে জমি দান করেন। ঐ জায়গার উপরই তৎকালীন যুগের দেশ বিখ্যাত অলিয়ে কামিল, পীরে তরিকত, শায়কুল হাদিছ,
গারাংগীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মাওলানা আবদুল মজিদ বড় হুজুর কেবলা (রাহঃ) এর মাধ্যমে ১৯৫০ সালে বর্তমান মাদরাসা স্থলে প্রাথমিকভাবে একটি ফোরকানিয়া মাদরাসা স্থাপন করা হয়। তারপর কাল পরিক্রমায় ১৯৭৪ সালে দাখিল, ১৯৭৭ সালে আলিম এবং প্রতিষ্ঠানটি ১৯৮৬ সালে ফাজিল পর্যায়ে মাদরাসা বোর্ডের স্বীকৃতি
প্রাপ্ত হয়ে এলাকায় দ্বীনি শিক্ষার আলো বিস্তার করে আসছে। বর্তমানে মাদরাসাটি একটি কমপ্লেক্স হিসাবে হেফজখানা, ইয়াতিমখানা ও দাখিল পর্যায়ে বিজ্ঞান
বিভাগসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আই.সি.টি) সমৃদ্ধ স্বয়ং সম্পূর্ণ একটি শিক্ষা কেন্দ্র হিসাবে কেন্দ্রীয় পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করে এলাকার সর্বস্তরের মানুষের দৃষ্টির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে । মাদরাসাটি
উপযুক্ত কমিটির তত্ত্বাবধানে এবং দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালতি হয়ে
আসছে। এ মাদরাসার অনেক প্রাক্তন ছাত্র-ছাত্রী বিভিন্ন সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়, অফিস আদালতে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে দেশ ও জাতির খেদমতে লিপ্ত আছেন। শিক্ষাবান্ধব বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তি শিক্ষাকে
গুরুত্ব দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় অত্র মাদরাসাটি তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার ও
বাস্তবায়নের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের জীবন ধারাকে উন্নত থেকে উন্নততর করার লক্ষ্যে
মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের যুগোপযোগী শিক্ষা দিয়ে যাচ্ছে। আমি সভাপতি হিসেবে সুদক্ষ পরিচালনা
পরিষদ, নীতি নির্ধারক সকলের সমন্বিত প্রচেষ্টা ও সহযোগীতায় এ প্রতিষ্ঠানের উন্নয়নের
ধারা অব্যাহত রাখবো এবং তা উত্তরোত্তর বৃদ্ধির জন্য সাধ্যানুযায়ী চেষ্টা চালিয়ে যাবো।
আমি প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য
ও দীর্ঘায়ু কামনা করছি।
মহান আল্লাহ আমাদের সহায় হোন।
ইঞ্জিনিয়ার
আলহাজ্ব মুহাম্মদ সামশুল আলম তালুকদার
সভাপতি, গভর্নিং বডি
রাণীরহাট
আল আমিন হামেদিয়া ফাজিল মাদরাসা
ও
চেয়ারম্যান
০১নং রাজানগর ইউনিয়ন পরিষদ, রাংগুনিয়া, চট্টগ্রাম।